নদীভাঙনের ভয়াবহ ঝুঁকি থেকে বসতভিটা, কৃষিজমি ও জীবন-জীবিকা রক্ষার দাবিতে বাগেরহাটের রামপাল উপজেলার রোমজয়পুর গ্রামের মানুষের দীর্ঘদিনের আন্দোলন অব্যাহত রয়েছে। ধারাবাহিক গণদাবি, সামাজিক সংগঠন, প্রশাসনের সঙ্গে যোগাযোগ এবং স্থানীয় মানুষের সম্মিলিত প্রচেষ্টায় তিন ধাপে মোট ১ কোটি টাকার সরকারি বরাদ্দ ও তহবিল সংগ্রহ সম্ভব হয়েছে। এ অর্জন কেবল অর্থের অঙ্কে সীমাবদ্ধ নয়; বরং নদীভাঙনের বিরুদ্ধে উপকূলীয় জনপদের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
আন্দোলনের প্রথম ধাপে নদীভাঙন প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকায় জিওব্যাগ স্থাপনের জন্য ২৮ লাখ ৮৫ হাজার টাকা সরকারি বরাদ্দ পাওয়া যায়। নদীর অব্যাহত ভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারানোর আশঙ্কায় থাকা মানুষের জন্য এই বরাদ্দ নতুন আশার সঞ্চার করে।
দ্বিতীয় ধাপে ১৩০ মিটার দৈর্ঘ্যের গ্রাম রক্ষা বাঁধ নির্মাণের জন্য মোট ৬ লাখ টাকার তহবিল নিশ্চিত করা হয়। এর মধ্যে উপজেলা প্রশাসন থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা, ইউনিয়ন পরিষদ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং স্থানীয় গ্রামবাসীর নিজস্ব উদ্যোগে গণ-অর্থায়নের মাধ্যমে ১ লাখ টাকা সংগ্রহ করা হয়। নিজেদের বসতভিটা ও গ্রাম রক্ষায় সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এলাকাবাসীর ঐক্য ও দায়বদ্ধতার অনন্য উদাহরণ হয়ে উঠেছে।
সর্বশেষ ২০২৬ সালের জুন মাসে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) রামজয়পুরের অধিক ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নদীভাঙন প্রতিরোধে জিওব্যাগ স্থাপনের জন্য আরও ২২ লাখ টাকা বরাদ্দ প্রদান করে। ফলে তিন ধাপে সরকারি বরাদ্দ ও স্থানীয় পর্যায়ে সংগৃহীত অর্থের পরিমাণ দাঁড়ায় মোট ১ কোটি টাকা।
এদিকে, ঝুঁকিপূর্ণ এলাকায় চলমান সুরক্ষা কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী হোসনেয়ারা জামিল সুমানা বলেন, “এ বছর সরকারি অর্থায়নে ১ কোটি টাকার জিওব্যাগ ফেলে রামপালের রামজয়পুর গ্রাম ও রামপাল কলেজ মোড় এলাকায় কাজ করা হয়েছে। আরও কাজ চলমান রয়েছে।”
সংশ্লিষ্টদের বক্তব্যে স্পষ্ট, রামজয়পুরসহ আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় নদীভাঙন প্রতিরোধে কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে এলাকাবাসীর দাবি, বিচ্ছিন্নভাবে জিওব্যাগ ফেলে সাময়িক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজন দীর্ঘমেয়াদি ও টেকসই নদীশাসন ব্যবস্থা।
স্থানীয়দের মতে, নদীভাঙন শুধু জমি বা ঘরবাড়ি হারানোর বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের ভবিষ্যৎ, সন্তানদের শিক্ষা, কৃষি উৎপাদন এবং জীবিকার নিরাপত্তা। তাই বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার, কাজের গুণগত মান নিশ্চিতকরণ এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।
রামজয়পুরের মানুষের এই আন্দোলন প্রমাণ করেছে, সম্মিলিত উদ্যোগ, জনসম্পৃক্ততা ও ধারাবাহিক দাবি আদায়ের প্রচেষ্টা প্রশাসনিক উদ্যোগকে আরও গতিশীল করতে পারে। তবে এলাকাবাসীর প্রত্যাশা, নদীভাঙনের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তাঁদের এই লড়াই থামবে না।
মন্তব্য করুন