দৈনিক দেশ বাংলা
৩ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

 

 

শেখ ইমরান বাগেরহাট:

দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাগেরহাটের ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদে চক্ষু শিবির আয়োজন করেছে সামাজিক সংগঠন ইনসাফ, বাগেরহাট। শনিবার (৩ অক্টোবর ২০২৬) আয়োজিত এ শিবিরে প্রায় ৫০০ মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন।

 

শিবিরে আদ্-দ্বীনের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা, বিভিন্ন চক্ষু সমস্যার পরামর্শ, প্রয়োজনীয় প্রেসক্রিপশন ও কাউন্সেলিং প্রদান করেন। পাশাপাশি ছানি রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের জন্য শনাক্ত ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য ও ইনসাফ, বাগেরহাটের প্রতিষ্ঠাতা সভাপতি বেলাল হোসেন অপু।

 

আয়োজক ইনসাফ, বাগেরহাট জানায়, বাগেরহাটে চক্ষু চিকিৎসার সুযোগ প্রয়োজনের তুলনায় সীমিত। বিশেষ করে দরিদ্র মানুষের জন্য ছানি অপারেশনসহ প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা অনেক সময় ব্যয়বহুল হয়ে পড়ে। ফলে অর্থের অভাবে অনেক মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন।

 

এ অবস্থায় সাধারণ ও দরিদ্র মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতি মাসে বাগেরহাটের বিভিন্ন এলাকায় একটি করে বিনামূল্যে চক্ষু শিবির আয়োজনের উদ্যোগ নিয়েছে ইনসাফ, বাগেরহাট। এসব শিবিরে বিনামূল্যে রোগী দেখা, চিকিৎসা পরামর্শ, প্রেসক্রিপশন এবং প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হচ্ছে।

 

ইনসাফ, বাগেরহাটের প্রতিষ্ঠাতা সভাপতি বেলাল হোসেন অপু বলেন, অর্থের অভাবে যেন কোনো দরিদ্র মানুষ চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই ইনসাফ নিয়মিত এ ধরনের উদ্যোগ গ্রহণ করছে। ভবিষ্যতেও বাগেরহাটের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন