হেলাল উদ্দীন (মিঞাজী), নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ নুরুল আমিন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের একটি সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ১ নম্বর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফুইট্টা ঝিরি রাস্তার মাথায় নাইক্ষ্যংছড়ি-চাকঢালা পাকা সড়কে অভিযানটি পরিচালনা করা হয়। সারা মাসব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান খান। অভিযান চলাকালে সন্দেহভাজন নুরুল আমিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবাগুলো মাদক ব্যবসার উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। তবে এ ঘটনায় আটক ব্যক্তির সঙ্গে মাদক কারবারের সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ইয়াবাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মাদকের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী এই উপজেলায় মাদক পাচার ও বিক্রির বিরুদ্ধে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। মাদকের বিস্তার রোধে স্থানীয় বাসিন্দাদেরও পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এ ঘটনায় আটক নুরুল আমিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য জব্দ করা হয়েছে।
মন্তব্য করুন