সৈয়দ শওকত হোসেন: সাফল্য ও গৌরবের ৪৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার জাতীয় সমাবেশ। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) রাজধানীর জাতীয় ক্রীড়া অডিটরিয়ামে দিনব্যাপী এ সমাবেশে দেশের ৬৪টি জেলা ও বিভিন্ন উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেন ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করে আসছে সংগঠনটি। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি দক্ষিণ এশিয়াতেও সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোহাম্মদ আলমগীর গণির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মো. জাকারিয়া তাহের সুমন, এমপি।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ওবায়দুর রহমান শাহিন।
সমাবেশে দেশের বিভিন্ন জেলা ও বিভাগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও শক্তিশালী, গতিশীল ও সাংগঠনিকভাবে সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দিনব্যাপী অনুষ্ঠানে সাংবাদিকদের মিলনমেলা, আলোচনা সভা, সম্মাননা ও মূল্যবান উপহার বিতরণ, র্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাবেশের শেষ পর্যায়ে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে মোহাম্মদ আলমগীর গণি পুনরায় সভাপতি এবং মো. মনজুর হোসেন মহাসচিব নির্বাচিত হন।
বর্ণাঢ্য আয়োজন ও দেশব্যাপী সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সমাবেশের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন