স্টাফ রিপোর্টার , দেশ বাংলা::
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের নেতৃবৃন্দের সঙ্গে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর কাজীরবাজার তোপখানাস্থ সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা যুবদলের সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল ও সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।
সভায় আব্দুস সালাম টিপু বলেন, জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সংহতি ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ কর্মসূচি সফল করতে জেলার ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলসহ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কর্মসূচিকে সফল করে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে কয়েস আহমদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জেলা, উপজেলা ও পৌর পর্যায়ে সফলভাবে উদযাপনে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল স্তরের নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মাধ্যমে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক সক্ষমতার প্রতিফলন ঘটাতে হবে।
প্রস্তুতি সভায় জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়করা বক্তব্য দেন। এ সময় জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের পরিবারের সদস্যদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মন্তব্য করুন