মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে সন্ন্যাসী ফেরিঘাট থেকে পল্লিমঙ্গল পর্যন্ত নির্মাণাধীন সড়কের কাজ পরিদর্শন ও অগ্রগতি যাচাই-বাছাই করেছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় সড়কটির নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি, নির্মাণের মান এবং নির্ধারিত শর্ত অনুযায়ী কাজ সম্পন্ন হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রাং, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, সমাজসেবক অধ্যাপক শহিদুল ইসলামসহ অন্যন্যরা ।
এ সময় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, “জনগণের দুর্ভোগ লাঘব এবং এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য। সড়ক নির্মাণের ক্ষেত্রে কাজের গুণগত মানের বিষয়ে কোনো ধরনের অবহেলা কাম্য নয়। নির্ধারিত নিয়ম ও মান বজায় রেখে নির্মাণকাজ সম্পন্ন করতে হবে। জনগণের অর্থে পরিচালিত উন্নয়নকাজের সুফল যেন সাধারণ মানুষ পায়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।”
তিনি আরও বলেন, “সড়কটি নির্মাণ সম্পন্ন হলে স্থানীয় মানুষের যাতায়াত আরও সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যসহ এলাকার সামগ্রিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। তাই নির্মাণকাজের অগ্রগতি ও মানের বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, সন্ন্যাসী ফেরিঘাট থেকে পল্লিমঙ্গল পর্যন্ত সড়কটির নির্মাণকাজ যথাযথ মান বজায় রেখে দ্রুত সম্পন্ন হলে দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমবে এবং এলাকার আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
মন্তব্য করুন