বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরামের ষষ্ঠ ত্রৈমাসিক সভা এবং নাগরিক প্রকল্পের মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় রামপাল সদর ইউনিয়ন পরিষদে এ সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে নাগরিক প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির সাফল্য, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক মোতাহার হোসেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুশীল চন্দ্র দাস, ইউপি সদস্য রোজিনা ইয়াসমিন, দীপ্তি রানী ও আব্দুস সালাম। এ ছাড়া নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন, উপজেলা নাগরিক ফোরামের সদস্য সাবেরা সুলতানা তুলি এবং নারী নেত্রী ছবি রানী মণ্ডল উপস্থিত ছিলেন। সাংবাদিক ও স্বেচ্ছাসেবক কবির আকবর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সভায় নাগরিক প্রকল্পের মাধ্যমে রামপাল উপজেলা ও সদর ইউনিয়ন নাগরিক ফোরামের বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষ ও দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণ বৃদ্ধি, তাদের অধিকার প্রতিষ্ঠা, নারী নির্যাতন প্রতিরোধ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে ভবিষ্যতে কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা তিনটি দলে বিভক্ত হয়ে দলীয় কাজের মাধ্যমে বিভিন্ন সুপারিশমালা তৈরি করেন। পরে দলগুলোর প্রতিনিধিরা নিজেদের প্রস্তাবনা উপস্থাপন করেন। এসব সুপারিশে নাগরিক অংশগ্রহণ বাড়ানো, সরকারি সেবা সম্পর্কে জনগণকে সচেতন করা এবং অধিকারবঞ্চিত জনগোষ্ঠীর সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় নারী নির্যাতন প্রতিরোধ কমিটির কার্যক্রম জোরদার, স্বাস্থ্যসেবা ও প্রাণিসম্পদ খাতে সরকারি সেবার তথ্য সংগ্রহে সামাজিক নিরীক্ষক নির্ধারণ এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সংলাপ, লোকসংগীত ও পথনাটকের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক নিরীক্ষার প্রতিবেদন প্রকাশের উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সেবাসংক্রান্ত বিষয় নিয়ে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদ প্রশাসন, নাগরিক নেতৃবৃন্দ ও সেবাগ্রহীতাদের অংশগ্রহণে সংলাপ এবং উপজেলা পর্যায়ে গণশুনানি আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে সরকারি সেবার মান, জবাবদিহি ও স্বচ্ছতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের মতামত তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন নাগরিক ফোরামের সদস্য ডলি রানী দাস, মো. শওকাত হোসেন, সুরাইয়া খাতুন, তানিয়া খাতুন, চুমকি মণ্ডল, মাখুশ্রী মণ্ডল, সমিরন বিশ্বাস ও তারিকুল ইসলামসহ অন্যরা।
জিএফএ কনসাল্টিং গ্রুপের মাধ্যমে সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায়, উই ক্যান-এর সহযোগিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এ সভা ও কর্মশালার আয়োজন করে।
মন্তব্য করুন