বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক আলী আকবর টুটুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে বাগেরহাট প্রেসক্লাব। এ ঘটনায় ক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ জরুরি সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি এস এম রাজ, সহসাধারণ সম্পাদক মো. ইয়ামিন আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এস সোহান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আরিফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আলী আকবর টুটুল, মোল্লা আব্দুর রব, সৈয়দ শওকত হোসেন, সোহেল রানা বাবুল ও মো. কামরুজ্জামান।
সভায় বক্তারা বলেন, একজন পেশাদার জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য প্রচার অত্যন্ত দুঃখজনক। এটি শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত সম্মানহানির বিষয় নয়, বরং সাংবাদিক সমাজ ও মুক্তবুদ্ধির চর্চার ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। এ ধরনের অপপ্রচার ও চরিত্রহননের অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সভায় এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে বাগেরহাটের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
এ ছাড়া পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার ও কটূক্তির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন