বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে প্রথমবারের মতো অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী উন্নয়ন ও কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে।
শনিবার সকালে শহরের যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করি। তারা প্রশিক্ষিত ও সুশৃঙ্খল। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। দেশের কল্যাণে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক অবসরপ্রাপ্ত নজরুল ইসলাম, উপদেষ্টা ক্যাপ্টেন রেজাউল ইসলাম, সভাপতি ওয়ারেন্ট অফিসার আজিউর রহমান, সাধারণ সম্পাদক সার্জেন্ট আব্দুল জলিল হাওলাদার, উপদেষ্টা সৈয়দ সার্জেন্ট আহসান হাবিব, সহসভাপতি সার্জেন্ট মোতালেব হোসেন, কোষাধ্যক্ষ সার্জেন্ট রাহুল এবং সিনিয়র সহসভাপতি ওয়ারেন্ট অফিসার জাহিদ হোসেনসহ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা।
আয়োজকরা জানান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী উন্নয়ন ও কল্যাণ ট্রাস্ট মূলত অবসরপ্রাপ্ত সব বাহিনীর সদস্যদের উন্নয়ন ও কল্যাণে কাজ করবে। সদস্যদের পারিবারিক ও সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোনো অবসরপ্রাপ্ত সদস্য বিপদগ্রস্ত হলে সম্মিলিত প্রচেষ্টায় তার পাশে দাঁড়ানো এবং সহযোগিতা করা হবে।
তারা আরও জানান, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশে থাকাই এ ট্রাস্টের মূল লক্ষ্য।
মন্তব্য করুন