কামাল পাশা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার ৫ নম্বর চামারি ইউনিয়নের গোটিয়া মহিষমাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি মো. রমিজুল করিম সভাপতিত্ব করেন। সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং একটি সুন্দর ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক নুর নবী ফারুক তারা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. রওশন আরেফিন, ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মো. হারুনুর রশিদ, ওয়ার্ড মেম্বার মো. আশরাফুল ইসলামসহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় সুধীজন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, একটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে ম্যানেজিং কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষকদের সঙ্গে সমন্বয় এবং অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ানোর ক্ষেত্রে ম্যানেজিং কমিটি কার্যকর ভূমিকা পালন করতে পারে।
তারা আরও বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ বিকাশে বিদ্যালয়ে একটি গঠনমূলক ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
সভায় নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
মন্তব্য করুন