নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধি:
সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে কিনা, তা যাচাই করতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। একই অভিযানে দুটি মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান’র নেতৃত্বে প্রয়োজনীয় পুলিশ ফোর্সের সহায়তায় নাইক্ষ্যংছড়ি বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে এলপিজি গ্যাসের বিক্রয়মূল্য ও মূল্যতালিকা যাচাইয়ের পাশাপাশি বিভিন্ন দোকানে পণ্যের মেয়াদ পরীক্ষা করা হয়। এ সময় দুই মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় দোকানী মোহাম্মদ আবু তৈয়বকে ৪ হাজার টাকা এবং আব্দুল জাব্বারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আদায়কৃত মোট জরিমানার পরিমাণ ১৪ হাজার টাকা।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজার তদারকি অব্যাহত থাকবে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের বিরুদ্ধেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
মন্তব্য করুন