বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের হলরুমে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উদয়ন বাংলাদেশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সহযোগী সংস্থা হিসেবে ছিল এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।
ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ইউনিয়ন পরিষদ ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম। সভায় ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা শেখ আলতাফ হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, নারী নেত্রী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সকিনা বেগম ও রাসেল, বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শেখ হারুনুর রশিদ, মো. হাসান শেখ, সাংবাদিক এসএম নুর ইসলাম, ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি কোহিনূর বেগম, সাধারণ সম্পাদক শেখ জিয়াউর রহমান, নাজমা বেগম ও সাবিনা খাতুনসহ অনেকে।
সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। দলিত, বিধবা, স্বামী পরিত্যক্তা, তালাকপ্রাপ্ত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়।
এছাড়া বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সংশ্লিষ্ট কমিটির কার্যক্রম জোরদার করতে বাজেট বরাদ্দ এবং ধূমপান ও তামাক নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক ক্যাম্পেইনের জন্য পৃথক বরাদ্দ রাখার প্রস্তাব দেওয়া হয়।
ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি কোহিনূর বেগম বলেন, জনগণের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করা হলে ইউনিয়নের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তিনি বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বাগেরহাট উপজেলা নাগরিক কমিটির সদস্য ও বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ আগামী অর্থবছরের বাজেটকে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক করতে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন