বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদার করতে স্থানীয় অংশীজনদের অংশগ্রহণে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
স্থানীয় সরকার শাখার উপপরিচালক (ভারপ্রাপ্ত) মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি “বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প”-এর আওতায় আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় প্রকল্পের জেলা ম্যানেজার নাজমুল হাসান গ্রাম আদালতের বিগত দিনের মামলাসংক্রান্ত বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান উপস্থাপন করেন। উপস্থাপনায় গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, মামলার অগ্রগতি এবং জনসেবায় এর ইতিবাচক প্রভাব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। তারা জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন