শেখ ইমরান, বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের মানুষের বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরতে অংশগ্রহণমূলক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের হলরুমে এক্টিভিস্টা বাগেরহাট এর আয়োজনে গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থরে যৌথসহযোগিতায় “কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের মানুষের কথা“ শীর্ষক এ গণশুনানির আয়োজন করা হয়।
কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম।
গণশুনানিতে স্থানীয় বাসিন্দারা নিরাপদ সুপেয় পানির সংকট, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত সড়ক, পন্ড স্যান্ড ফিল্টার (PSF) সংস্কার ও কার্যকর ব্যবহার, বাল্যবিবাহ প্রতিরোধ এবং পুষ্টি বাগান কর্মসূচির স্বচ্ছ ও ন্যায্য বণ্টন, সামজিক নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন।
অনুষ্ঠানে জানানো হয়, জরিপ, কী ইনফরম্যান্ট ইন্টারভিউ (KII), ফোকাস গ্রুপ ডিসকাশন (FGD) এবং মাঠপর্যায়ে সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে সমস্যাগুলোর বাস্তব চিত্র উপস্থাপন করা হয়েছে। পরে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, নারী প্রতিনিধি ও যুব প্রতিনিধিদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় দ্রুত সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ জাহাঙ্গীর হোসেন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ফিরোজ, বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.মহিদুল ইসলাম, বাঁধন মানব উন্নয়ন সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর সোহাগ হাওলাদার, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মরিয়ম বেগম তারা এবং কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের শতাধিক সাধারণ মানুষ।
আয়োজকরা জানান, এ ধরনের গণশুনানির মাধ্যমে স্থানীয় জনগণের মতামত ও সমস্যাগুলো সরাসরি সিদ্ধান্ত গ্রহণকারী এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়। একই সঙ্গে সামাজিক জবাবদিহিতা, জনসম্পৃক্ততা এবং অংশগ্রহণমূলক স্থানীয় শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন