বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার ১ নম্বর কাড়াপাড়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে অচল হয়ে থাকা পন্ড স্যান্ড ফিল্টার (পিএসএফ) পুনরায় সচল করে নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করার দাবিতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অভিযান যুব সংগঠনের আয়োজনে এবং GOLD Initiative-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সুমিত ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মো. জাহাঙ্গীর আকন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন লিটন, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, যুব প্রতিনিধি ও সাধারণ মানুষ।
সকাল ১১টায় শুরু হওয়া সভা পরিচালনা করেন অভিযান যুব সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। শুরুতে সংগঠনের সদস্য লামিয়া আক্তার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পরে শুভেচ্ছা বক্তব্য দেন সভাপতি সুমিত ভট্টাচার্য এবং সভার উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন ইমরান শেখ।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা জানান, ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক পিএসএফ অচল থাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট সৃষ্টি হয়েছে। বাধ্য হয়ে অনেক পরিবার অতিরিক্ত অর্থ ব্যয় করে নিরাপদ পানি সংগ্রহ করছে, যা নিম্ন আয়ের মানুষের জন্য বড় ধরনের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত অচল পিএসএফগুলো সংস্কার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নিরাপদ পানির স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সিডোর সভাপতি মেহেদি হাসান বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার। তাই অচল পিএসএফগুলো দ্রুত সংস্কার করে জনগণের ব্যবহারের উপযোগী করা জরুরি। সিডোর কোষাধ্যক্ষ শুভ্র দাস বলেন, যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ এবং সরকারি দপ্তরের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই নিরাপদ পানির সংকটের টেকসই সমাধান সম্ভব।
দিপ্ত দে বলেন, দীর্ঘদিন ধরে পিএসএফ অচল থাকায় সাধারণ মানুষকে বিকল্প উৎস থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে, যা অর্থনৈতিক ও স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করছে। শেখ সাজ্জাদুল রহমান রাকিব বলেন, স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে নিয়মিত পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হলে এসব পিএসএফ দীর্ঘমেয়াদে সচল রাখা সম্ভব হবে।
ইউনিয়ন পরিষদের সচিব মো. জাহাঙ্গীর আকন বলেন, স্থানীয় জনগণের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বসহকারে সংশ্লিষ্ট দপ্তরে উপস্থাপন করা হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন লিটন বলেন, নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করা ইউনিয়ন পরিষদের অন্যতম অগ্রাধিকার এবং এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাহিদুর রহমান বলেন, সভায় উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। অচল পিএসএফগুলো পর্যায়ক্রমে পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হবে এবং বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করা হবে। সভার শেষে অচল পিএসএফ দ্রুত সংস্কার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং কাড়াপাড়া ইউনিয়নের মানুষের জন্য নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। সমাপনী বক্তব্যে অভিযান যুব সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সভায় উত্থাপিত সুপারিশগুলো বাস্তবায়িত হলে কাড়াপাড়া ইউনিয়নের মানুষের নিরাপদ পানির অধিকার নিশ্চিত হবে বলে তারা আশাবাদী।
মন্তব্য করুন