বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জুন সকালে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের সামনে থেকে ডেঙ্গু সচেতনতামূলক একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুনিগঞ্জ ও পুরাতন বাজার এলাকা ঘুরে পুনরায় হাসপাতাল গেটে এসে শেষ হয়।
পরে হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাশ। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসঃ আতিয়া খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের পরিচালক ডা. অসীম কুমার সমাদ্দার।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাশ বলেন, “ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। এ রোগ থেকে রক্ষা পেতে হলে ব্যক্তি, পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। নিজেদের বাড়ি-ঘর, আঙিনা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি পরিষ্কার পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দিতে হবে।”
তিনি আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও জরুরি। মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সচেতনতাই পারে ডেঙ্গুর বিস্তার রোধ করতে।”
তিনি ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাগেরহাট জেলা রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন