বাগেরহাট প্রতিনিধি :
সুন্দরবনকে প্লাস্টিক ও পলিথিনমুক্ত রাখতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুন্দরবন জার্নালিজম ফোরামের উদ্যোগে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সুন্দরবন জার্নালিজম ফোরামের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু। সভায় বক্তারা সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং পর্যটকদের মধ্যে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা রূপান্তরের জেলা প্রকল্প কর্মকর্তা খোন্দকার জিলানী হোসেন। তিনি বলেন, প্লাস্টিক ও পলিথিন বর্তমানে সুন্দরবনের পরিবেশের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে। প্রতিদিন অসংখ্য পর্যটক সুন্দরবন ভ্রমণে গিয়ে বিভিন্ন ধরনের প্লাস্টিকজাত পণ্য ব্যবহার করছেন, যা পরে বনাঞ্চলের বিভিন্ন স্থানে ফেলে রেখে আসেন। এতে বনের পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি বন্যপ্রাণীর জীবনও ঝুঁকির মধ্যে পড়ছে।
তিনি আরও বলেন, সুন্দরবনের নদী ও খালে প্লাস্টিক বর্জ্য জমে জলজ প্রাণীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে হরিণ, বানর, পাখিসহ বিভিন্ন প্রাণী এসব বর্জ্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সুন্দরবনকে রক্ষায় এখনই সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন উপজেলার প্রায় ২৫ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। সভায় অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, সুন্দরবনের পরিবেশ রক্ষায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সংবাদ, প্রতিবেদন ও সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষ এবং ভ্রমণপিপাসু পর্যটকদের আরও সচেতন করা সম্ভব।
গণমাধ্যমকর্মীরা মত প্রকাশ করেন যে, সুন্দরবনে ভ্রমণে আসা পর্যটকদের প্লাস্টিক ও পলিথিন ব্যবহার থেকে বিরত রাখতে সামাজিক ও গণসচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি প্রশাসন, বন বিভাগ, স্থানীয় জনগণ ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় বক্তারা আরও বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের গর্ব নয়, এটি বিশ্ব ঐতিহ্যের অংশ। তাই এই বন রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে।
সভা শেষে সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
|
২০ মে, ২০২৬