বাগেরহাট প্রতিনিধিঃ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাটের উদ্যোগে বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লালকার্ড”।
সনাক বাগেরহাটের সভাপতি অ্যাডভোকেট মো. শাহ আলম টুকুর সভাপতিত্বে এবং টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর শেখ বশির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, গণমাধ্যমকর্মী ইয়ামিন আলী, সনাক সদস্য প্রফেসর চৌধুরী আব্দুর রব, পূর্বী রাণী দাস, অসীমা ঘোষ, সুরাইয়া আক্তার, এডিডি ইন্টারন্যাশনালের প্রকল্প সমন্বয়কারী এহসানুল হকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, শিশুরা দেশের ভবিষ্যৎ সম্পদ। কিন্তু দারিদ্র্য, সামাজিক বৈষম্য ও সচেতনতার অভাবের কারণে অনেক শিশু এখনও শ্রমে নিয়োজিত হচ্ছে। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুদের ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে দেখা যায়, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মারাত্মক হুমকি। তারা বলেন, শিশুশ্রম বন্ধে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, আইনের কার্যকর বাস্তবায়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট শাহ আলম টুকু বলেন, দেশে শিশুশ্রম প্রতিরোধে প্রয়োজনীয় আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা যাচ্ছে না। শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সরকার, স্থানীয় প্রশাসন, অভিভাবক ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
মানববন্ধনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, সনাক, ইয়েস এবং এসিজি সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে টিআইবি ও সনাকের পক্ষ থেকে ১১ দফা সুপারিশ তুলে ধরা হয়। বক্তারা শিশুদের জন্য নিরাপদ, শিক্ষাবান্ধব ও শোষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
মন্তব্য করুন