দৈনিক দেশ বাংলা: বাগেরহাট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজ বাগেরহাট শহরে অবস্থিত অভিযান যুব সংগঠনের কার্যালয় পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি সংগঠনের চলমান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং তরুণদের উদ্যোগে পরিচালিত সামাজিক উন্নয়নমূলক, সাংস্কৃতিক ও সচেতনতামূলক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন,
“যুব সমাজ যদি সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পায়, তাহলে তারা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অভিযান যুব সংগঠন তরুণদের নিয়ে যে উদ্যোগগুলো বাস্তবায়ন করছে, তা সত্যিই প্রশংসনীয়।”
তিনি ভবিষ্যতে আরও পরিকল্পিতভাবে কাজ করার পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে সমন্বয় রেখে বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন, অভিযান যুব সংগঠনের সভাপতি সুমিত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রবিউল শেখ এবং কোষাধ্যক্ষ দিপ্ত দে ও দেবাশীষ দে সংগঠনের চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে অতিথিদের অবহিত করেন। তারা জানান, যুব সমাজকে সংগঠিত করে সামাজিক সচেতনতা সৃষ্টি ও ইতিবাচক পরিবর্তন আনাই সংগঠনের মূল লক্ষ্য।
এ সময় অভিযান যুব সংগঠনের সদস্য হিসেবে অর্ণব মন্ডল, আমিত শীল ও সাজ্জাদুল ইসলাম রাকিব উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাঁধন মানব উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী সোহাগ হাওলাদার, প্রজেক্ট অফিসার সানি জোবায়ের, সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন এবং FFCRJ যুব সংগঠনের সভাপতি মাহফুজ মাঝি।
পরিদর্শন শেষে অতিথিবৃন্দ অভিযান যুব সংগঠনের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মন্তব্য করুন